ডেসকোর প্রধান প্রকৌশলী মফিজুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার : ব্ল্যাকমেইলিং এর চক্রান্ত
নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি একটি দৈনিক পত্রিকায় ডেসকো (ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি) এর প্রধান প্রকৌশলী মোহাম্মদ মফিজুল ইসলামকে নিয়ে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশিত হয়েছে। ওই সংবাদের সূত্র ধরে অনুসন্ধান করে জানা যায়, এটি ছিল কিছু অসাধু মহলের সুপরিকল্পিত অপপ্রচার ও ব্ল্যাকমেইলিং এর অংশ।
অভিযোগ করা হয়েছে যে, মফিজুল ইসলামের সঙ্গে কয়েক বছর আগে ঢাকার দক্ষিণ খানে ঘটিত এক নারী-সংক্রান্ত ঘটনার সম্পৃক্ততা ছিল। অথচ অনুসন্ধানে এ ধরনের ঘটনার কোনো প্রমাণ পাওয়া যায়নি। বরং এটি সাজানো গল্প, যার মাধ্যমে তাঁর ব্যক্তিগত ও পেশাগত সম্মানহানি করার চেষ্টা চলছে।
বিশ্বস্ত সূত্র জানায়, সাংবাদিক পরিচয় দিয়ে কোহিনুর বেগম নামের এক মহিলা এবং কিছু অসাধু ডেসকো স্টাফের সহযোগিতায় মফিজুল ইসলামকে ভয়ভীতি প্রদর্শন ও ব্ল্যাকমেইল করার চেষ্টা চলছে। সংবাদ প্রকাশের নামে চরিত্রহনন ও অর্থ আদায়ের উদ্দেশ্যই এর পেছনে রয়েছে।
প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম দীর্ঘদিন ধরে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। ডেসকোর বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে তাঁর ভূমিকা প্রশংসিত। অথচ হীন স্বার্থ চরিতার্থ করতে কিছু পক্ষ তাঁর বিরুদ্ধে মিথ্যা কুৎসা রটাচ্ছে।
প্রসঙ্গত, সংবাদপত্র সমাজের চতুর্থ স্তম্ভ হিসেবে জনগণের আস্থা অর্জন করেছে। সেখানে ভিত্তিহীন, প্রমাণহীন ও কাল্পনিক তথ্য প্রচার কেবল একজন কর্মকর্তার মানহানিই ঘটায় না, বরং পত্রিকা জগতের বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করে।
ডেসকোর কর্মকর্তা-কর্মচারীসহ সচেতন মহল এ ধরনের অপপ্রচারমূলক সংবাদকে তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে।