বরিশাল নগরীতে অবৈধ ভাবে বালু ভরাটের মহোৎসব
শাকিল আহম্মেদ:
বরিশাল নগরীর ৪ নং ওয়ার্ডের বেলতলা সংলগ্ন টেক্সটাইল সড়কে চলছে অবৈধ বালু ভরাটের উৎসব। দীর্ঘদিন ধরে সড়কের উপর ২০ ইঞ্চি পাইপ ফেলে রাখা হয়েছে, যা নগরবাসীর চলাচলে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, স্থানীয় প্রভাব খাটিয়ে পুকুর, ডোবা ও জলাশয় ভরাট করে এক ‘বালুখেকো’ চক্র। এই কাজে নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় পারভেজ নামের এক ব্যক্তি, তার মামা মামুন একজন প্রভাবশালী ব্যবসায়ী হওয়ার সুবাধে তিনি পারভেজ ও তার সাঙ্গোপাঙ্গকে পুরো কার্যক্রমে মদদ দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
জমির মালিকানা সম্পর্কে জানতে চাইলে পারভেজ জানান, “এটা আমাদের মামা বাড়ির জমি আমি ওয়ারিশ সূত্রে এই জমির মালিক। আমার মামা সব জানেন, তিনিই আমাকে দিয়ে কাজ করান, আপনারা আমার মামার সাথে কথা বলেন তিনি আপনাদের সাথে যোগাযোগ করে জমি ও বালু ফেলার বিষয়টা বুজিয়ে বলবেন, তার বরিশাল গির্জা মহল্লায় ঘড়ির দোকান আছে ” দোকানের নাম জিজ্ঞেস করলে তিনি বলতে নারাজ। তবে পরে মামা মামুনকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, “জলাশয় ভরাট করা সম্পূর্ণ বেআইনি। আমরা বিষয়টি অবগত হয়েছি এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।”
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, এমন কার্যক্রম পরিবেশের ভারসাম্য নষ্ট করছে এবং ভবিষ্যতে জলাবদ্ধতার ভয়াবহ রূপ নিতে পারে। দ্রুত প্রশাসন কঠোর পদক্ষেপ না নিলে নগরীর পরিবেশ ও নাগরিক জীবন হুমকির মুখে পড়বে।
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে কল দিলে, তিনি ফোন রিসিভ করেননি।