নিজস্ব প্রতিনিধি, অপরাধ তালাশঃ
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড়ের ছয়টি ইউনিয়ন নিয়ে ‘স্বরূপকাঠি’ নামে পৃথক উপজেলা গঠনের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে মিয়ারহাট বন্দরে আয়োজিত সংবাদ সম্মেলনে সরকারি হাসপাতাল, থানা, ফায়ার সার্ভিস, শিক্ষা ও উন্নত যোগাযোগ ব্যবস্থাসহ মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করতে এ দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে পশ্চিম পাড়ের ছয় ইউনিয়নের জনগণের প্রতিনিধিরা বলেন, নেছারাবাদ উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে সন্ধ্যা নদী পূর্ব ও পশ্চিম অংশকে বিভক্ত করেছে। নদীর পূর্বপাড়ে উপজেলা সদর ও অধিকাংশ সরকারি স্থাপনা থাকলেও পশ্চিমপাড়ের ছয়টি ইউনিয়নে নেই উল্লেখযোগ্য সরকারি অবকাঠামো।
বক্তারা জানান, সরকারি সেবা পেতে পশ্চিমপাড়ের বাসিন্দাদের উত্তাল নদী ও ভাঙাচোরা সড়ক পাড়ি দিতে হয়, যা দীর্ঘদিনের দুর্ভোগের কারণ। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী এ অঞ্চলের জনসংখ্যা প্রায় ১ লাখ ৪১ হাজার।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, শিল্পসমৃদ্ধ মিয়ারহাট-ইন্দুরহাট অঞ্চল ব্রিটিশ আমল থেকে কাঠ ব্যবসা ও কুটির শিল্পের জন্য পরিচিত। ১৯৬১ সালে প্রতিষ্ঠিত জেলার একমাত্র বিসিক শিল্পনগরীসহ বর্তমানে এ অঞ্চলে প্রায় পাঁচ শতাধিক শিল্পপ্রতিষ্ঠান রয়েছে।
বক্তাদের দাবি, নেছারাবাদ উপজেলার উল্লেখযোগ্য রাজস্ব আয় পশ্চিমপাড়ের ছয় ইউনিয়ন থেকে এলেও থানা, হাসপাতাল ও ফায়ার সার্ভিসের অভাবে মানুষ মৌলিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই প্রশাসনিক সুবিধা, আইনশৃঙ্খলা, চিকিৎসা ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে পশ্চিমপাড়ের ছয় ইউনিয়ন নিয়ে ‘স্বরূপকাঠি’ নামে পৃথক উপজেলা ঘোষণা সময়ের দাবি।